২২ অক্টোবর ২০২৩, ০৪:২১ পিএম
বঙ্গোপসাগরে নাইক্ষংদিয়া এলাকায় আটকে পড়েছিল কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন’। ওই জাহাজে সাড়ে তিনশর বেশি পর্যটক ছিলেন। সাগরে ইঞ্জিন বিকল হয়ে জাহাজটি সোয়া একঘণ্টা আটকে থাকে। সে সময় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রোববার (২২ অক্টোবর) বেলা ৯টার দিকে জাহাজটি টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা করে। সকাল ১১টার দিকে মিয়ানমার সীমান্তবর্তী সাগরের নাইক্ষ্যংদিয়া এলাকায় ইঞ্জিন বিকল হয়ে এটি আটকে পড়ে। জাহাজটির বেলা সাড়ে ১২টায় সেন্টমার্টিনে পৌঁছার কথা থাকলেও নির্দিষ্ট সময় সেখানে পৌঁছাতে পারেনি।
জাহাজের ইঞ্জিন বিকলের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনের ব্যবস্থাপক (হিসাব) মো. শাহ আলম। তিনি বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে। একটি ইঞ্জিন চালু হয়েছে। বর্তমানে সেন্ট মার্টিনের দিকে রওনা হয়েছে জাহাজটি। নির্দিষ্ট সময়ের চেয়ে কিছু দেরিতে জাহাজটি সেন্ট মার্টিন জেটি ঘাটে পৌঁছাবে বলে আশা করছি।’