Dhaka Mail Logo

অর্থনীতি

আরও ১৯ জেলায় চালু ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপের নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পিএম

দেশে জ্বালানি তেল বিতরণ ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপের কার্যক্রম আরও ১৯ জেলায় সম্প্রসারণ করেছে সরকার।

সোমবার (২০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়।

নতুন করে যেসব জেলায় ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপে নিবন্ধন কার্যক্রম চালু হয়েছে সেগুলো হলো— গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) উদ্যোগে চালু হওয়া এই অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। শুরুতে এটি রাজধানী ঢাকা-কেন্দ্রিক পাইলট কর্মসূচি হিসেবে চালু থাকলেও ধীরে ধীরে দেশের বিভিন্ন অঞ্চলে এর কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে।

এর আগে গত ১৮ এপ্রিল ঢাকা, চাঁদপুর, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ও ময়মনসিংহসহ কয়েকটি মহানগর ও জেলায় এ অ্যাপের নিবন্ধন কার্যক্রম চালু করা হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের সব জেলায় ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপের নিবন্ধন চালু করা হবে, যাতে জ্বালানি ব্যবস্থাপনায় আরও কার্যকর নজরদারি নিশ্চিত করা যায়।

এমআর/এএইচ