চীনাভিত্তিক প্রতিষ্ঠান দ্যা হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড (এইচএসবিসি) বাংলাদেশ এবং বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। আন্তর্জাতিক বাজারগুলোর রিটেইলারদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ী ও পোশাকশিল্পে সরবরাহকারীদের সংযোগ স্থাপন করাই এ সমঝোতা স্মারকের মূল লক্ষ্য।
মঙ্গলবার বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের উপস্থিতিতে সমঝোতা স্মারক সই হয়। এ সময় উপস্থিত ছিলেন এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মাহবুব উর রহমান, বিজিএমইএ’র পরিচালক আসিফ আশরাফ, পরিচালক নীলা হোসনে আরা এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিজ্ঞাপন
দেশের বৃহত্তম বাণিজ্য সংগঠন, বিজিএমইএ সক্রিয়ভাবে অষ্ট্রেলিয়া, জাপান, কোরিয়া, ভারত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব প্রভৃতি দেশগুলোতে বাংলাদেশের পোশাক শিল্পের জন্য নতুন বাজারের সুযোগ খুঁজছে। যেখানে এইচএসবিসি’র শক্তিশালী উপস্থিতি রয়েছে। এ প্রেক্ষাপটে বিজিএমইএ কিছু ইভেন্টের আয়োজন করছে, যেগুলো উল্লেখিত বাজারগুলোর ক্রেতা/ব্র্যান্ড, রিটেইলার, বাণিজ্য সংগঠন, সরকারি কর্মকর্তা এবং তুলা সরবরাহকারীদের একই ছাদের নিচে নিয়ে আসবে। এ ইভেন্টগুলোর প্রাথমিক উদ্দেশ্য হলো ব্যবসা এবং বিনিয়োগের সম্ভাবনা অন্বেষণ করা, প্রযুক্তি এবং জ্ঞান শেয়ার করা এবং ইএসজি সংক্রান্ত ইস্যুগুলোর সমাধান করা।




