বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

মাঠে মৃত্যু ঢাকা ক্যাপিটালসের কোচের, শোকাহত আসিফ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৩:০৬ পিএম

শেয়ার করুন:

মাঠে মৃত্যু ঢাকা ক্যাপিটালসের কোচের, শোকাহত আসিফ 

মাঠে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বিপিএলের অন্যতম দল ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকির। তাকে হারিয়ে শোকাচ্ছন্ন দেশের ক্রীড়াঙ্গন। শোক ছুঁয়েছে বিসিবির পরিচালক ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরকে। সামাজিক মাধ্যমে তা প্রকাশ করেছেন গায়ক।

আজ শনিবার নিজের ফেসবুকে আসিফ লিখেছেন, ‘ফোনটা অন করতেই বিসিবি চীফ বুলবুল ভাইয়ের (আমিনুল ইসলাম বুলবুল) ফোন- স্পেশালিস্ট পেস বোলিং কোচ মাহবুব আলী জাকি ভাই আর নেই। তিনি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হার্ট অ‍্যাটাকে আক্রান্ত হন এবং ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’ 

এরপর লেখেন, ‘জাকি ভাই আমাদের ইমিডিয়েট সিনিয়র ক্রিকেটার ছিলেন। আমরা একই মহল্লার অধিবাসী। তিনি ছিলেন একজন অন্তঃপ্রাণ ক্রিকেটার। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ বিজয়ী দলের বোলিং কোচ ছিলেন। ঢাকায় বড় দলগুলোয় খেলেছেন। পরে নিজেকে থিতু করেছেন কোচিং ক‍্যারিয়ারে। আমাদের শেষ দেখা কক্সবাজার স্টেডিয়ামে।’

বিসিবির এ পরিচালকের কথায়, ‘ছোটবেলা থেকেই জাকি ভাইকে দেখি। ওনার সাথে খেলার সুযোগ হয়েছে। খুব আদর করতেন। একজন নিপাট নিরঅহঙ্কারী ভদ্রলোকের প্রস্থানে আমি এবং আমরা গভীরভাবে শোকাহত। কুমিল্লা কৃতি সন্তান এবং বাংলাদেশের সম্পদ জাকি ভাইয়ের পরিবারের প্রতি গভীর সমবেদনা রইলো। মহান আল্লাহ্ জাকি ভাইয়ের পরিবারকে এই শোক বইবার শক্তি দিন।’

সবশেষে আসিফ জানিয়েছেন, সিলেটে প্রথম জানাজা শেষে মাহবুব আলী জাকির মরদেহ কুমিল্লায় পাঠানো হবে।

ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচের আগমুহূর্তে গুরুতর অসুস্থ হয়ে পড়েন দলটির সহকারী কোচ মাহবুব আলী জাকি। পরে তিনি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ঢাকা ফ্র্যাঞ্চাইজি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর